Logo

বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৬ নভেম্বর, ২০২৬, ২২:২৮
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে বিস্কুট খেতে আসায় একটি বিড়ালকে ফাঁদে আটকে হত্যার ঘটনায় দোকানি সারোয়ার হোসেনকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন উপজেলা প্রশাসন। আগামী ছয় মাস বলগাড়ি বাজারের কুকুর ও বিড়ালকে খাবার খাওয়াতে হবে তাঁকে। পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল পাঁচটার দিকে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বিড়াল হত্যার অভিযোগ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে যান। পরে দোকানি সারোয়ার হোসেনকে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তলব করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক নির্দেশনা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগকারী মেহেদী হাসান জানান, গত ১৩ নভেম্বর রাতে বলগাড়ি বাজারের দোকানি সারোয়ার হোসেন দোকানে বিড়ালের উৎপাত ঠেকাতে দড়ি দিয়ে একটি ফাঁদ তৈরি করেন। রাতের কোনো এক সময় খাবারের সন্ধানে এসে একটি স্ত্রী বিড়াল সেই ফাঁদে আটকা পড়ে। পরদিন সকালে বিড়ালটির গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে দোকানের বারান্দায় মরদেহটি ফেলে রাখা হয়। এ সময় পাশে দুটি বিড়ালছানাকে কান্নাকাটি করতে দেখা যায়।

মা বিড়ালের মৃত্যুর পর ছানা দুটির অসহায় অবস্থা দেখে বিষয়টি মেনে নিতে পারেননি মেহেদী হাসান। পরে তিনি ঘটনার বিচার চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ জানান, দোকানি সারোয়ার হোসেন নিজের কাজের জন্য অনুতপ্ত হয়েছেন এবং দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা দিয়েছেন। মুচলেকা অনুযায়ী, আগামী ছয় মাস তাঁকে বলগাড়ি বাজারের কুকুর ও বিড়ালকে খাবার খাওয়াতে হবে। ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটালে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

দোকানি সারোয়ার হোসেন বলেন, ‘আমি ইচ্ছা করে বিড়ালটি মারিনি। জীব হত্যা মহাপাপ এটা সবচেয়ে বড় কথা। আমার সামনে হলে তো আমি বিড়ালটিকে মরতে দিতাম না। আমি বিড়ালটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। ধরা পড়লে বিড়ালটি দূরে কোথাও রেখে আসতাম। কিন্তু সকালে দোকানে গিয়ে দেখি, বিড়ালটি মরে পড়ে আছে। এ জন্য আমি অনুতপ্ত।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD