কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না

বাংলাদেশের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে বিদেশে অবস্থান করে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন তিনি। যারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, তাদের দেশে ফিরে এসে নেতৃত্ব দেওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোকামতলা হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, সরকার ধৈর্যের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি মোকাবিলা করছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলা সফরের সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার জন্য ১ হাজার ৯০০ কোটি টাকার একটি প্রকল্পের ফলক উন্মোচনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে মোকামতলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা এবং মগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার আরও ৬৪ হাজার পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।








