চা বাগানের ছায়াবৃক্ষে গোলমরিচ চাষে বাড়ছে আয়ের সম্ভাবনা

চায়ের পাশাপাশি গোলমরিচ চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মৌলভীবাজারের চা বাগানগুলোতে। বাগানের ছায়াদানকারী গাছকে অবলম্বন করে গোলমরিচের আবাদ সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠছেন সংশ্লিষ্টরা। বাণিজ্যিকভাবে এ চাষ বাড়ানো সম্ভব হলে চা বাগানের আয় বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশ থেকে গোলমরিচ আমদানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট নির্বাচন পদ্ধতির মাধ্যমে বারি গোলমরিচ-১ জাত উদ্ভাবন করে। বর্তমানে জেলার কয়েকটি চা বাগানে শতাধিক হেক্টর জমিতে গোলমরিচ চাষের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে কমলগঞ্জ, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া ও বড়লেখার বিভিন্ন চা বাগান ছাড়াও পাহাড়ি এলাকা এবং গ্রামীণ জনপদে ছায়াদানকারী গাছকে কেন্দ্র করে এ মসলার চাষ হচ্ছে।
গোলমরিচের চারা তৈরির জন্য দুই গিঁটবিশিষ্ট কাটিং ব্যবহার করা হয়। বীজতলা ও পলিব্যাগে চারা উৎপাদনের পর বর্ষার শুরুতে জমিতে রোপণ করা হয়। উপযুক্ত গাছের অবলম্বনে বেড়ে ওঠা এই লতাজাতীয় উদ্ভিদ থেকে পরবর্তী সময়ে ফল সংগ্রহ করা যায়। রান্নায় বহুল ব্যবহৃত এই মসলার বাণিজ্যিক উৎপাদন বাড়ানো গেলে কৃষকের আয়, কর্মসংস্থান ও দেশের রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মাংস, ভর্তা ও বিভিন্ন ঝাল-মসলাদার খাবারে দীর্ঘদিন ধরে গোলমরিচ ব্যবহার হয়ে আসছে। ছোট গোলাকৃতির কালো এই মসলা দারুচিনি, লবঙ্গ ও এলাচের মতোই গরম মসলার অন্যতম উপাদান। ফলে দেশের বাজারে এর চাহিদা রয়েছে।
বিজ্ঞাপন
এক চা শ্রমিক জানান, গোলমরিচের কাটিং মাটিতে রোপণ করে নিয়মিত পরিচর্যা করতে হয়। গাছ বড় হওয়ার পর পাঁচ থেকে দশ বছর পর ফলন পাওয়া যায়। উৎপাদিত গোলমরিচ শ্রমিকদের মাধ্যমে সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, চা বাগানে বাণিজ্যিকভাবে গোলমরিচ চাষ করা গেলে দেশের রাজস্ব আয় বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং চাষিরা আর্থিকভাবে উপকৃত হবেন।
মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন জানান, “বিএআরআই উদ্ভাবিত বারি গোলমরিচ-১ জাতটি সিলেট অঞ্চলের জন্য উপযোগী। চা বাগানের ছায়াবৃক্ষে এ জাতের চাষ সম্প্রসারণ করা গেলে বছরে ৬-৭ মিলিয়ন ডলারের আমদানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কৃষকরা লাভবান হবেন। একটি গাছ থেকে বছরে ১০-১২ কেজি গোলমরিচ উৎপাদন সম্ভব।”
বিজ্ঞাপন
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, মৌলভীবাজারের চা বাগান ও টিলা এলাকায় প্রায় এক হেক্টর জমিতে গোলমরিচ চাষ হচ্ছে। দেশে গোলমরিচের ঘাটতি থাকায় প্রতি কেজি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হয়। তাই বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে কৃষকরা লাভবান হবেন।
চায়ের পাশাপাশি গোলমরিচ চাষের সম্ভাবনাকে কাজে লাগানো গেলে মৌলভীবাজারের চা বাগানগুলোতে কৃষি উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। এ সম্ভাবনা বাস্তবায়নে প্রয়োজন পরিকল্পিত আবাদ, চাষিদের প্রশিক্ষণ, উন্নত চারা সরবরাহ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা।








