Logo

নয়টি ট্রলারে টেকনাফে ফিরলেন সেন্টমার্টিনে আটকে পড়া সাড়ে তিনশ পর্যটক

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২১ নভেম্বর, ২০২৬, ১৭:১২
নয়টি ট্রলারে টেকনাফে ফিরলেন সেন্টমার্টিনে আটকে পড়া সাড়ে তিনশ পর্যটক
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও পর্যটকসহ প্রায় ৩৫০ জন শনিবার নয়টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে ফিরেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করে। জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের ফেরার ব্যবস্থা করা হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপে এখনো বেশ কিছু পর্যটক আটকা রয়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের নিয়মিত খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজন এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের নয়টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দ্বীপে আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরবর্তী সময়ে আবহাওয়ার অবনতি এবং সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট নৌপথগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এদিকে দ্বীপে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। কয়েকটি হোটেলে কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। কিছু হোটেলে পর্যটকদের বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সেন্টমার্টিন ভ্রমণের উদ্দেশ্যে অনেক পর্যটক দ্বীপের জেটিঘাটে ভিড় করছেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় প্রশাসন তাঁদের যাতায়াতের অনুমতি দিচ্ছে না। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, শনিবার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে দ্বীপে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটককে কবে নাগাদ নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। এ কারণে পর্যটক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD