টেকনাফে ৮ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, অধরা কারবারিরা

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযান ও ইয়াবা জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হলেও পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। সংশ্লিষ্ট মাদক কারবারি ও সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








