শীতের কষ্ট লাঘবে সুবিধাবঞ্চিত শিশুদের উষ্ণ পোশাক বিতরণ

শীতের তীব্রতা বাড়ার আগেই নীলফামারীতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্রবন্ধন সোসাইটি। শীতের রাতে যাদের পর্যাপ্ত গরম পোশাক জোটে না, রেলস্টেশন এলাকায় অবস্থান করা এমন ৩০ শিশুর হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নীলফামারী রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্টেশনে অবস্থানরত ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্যরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রবন্ধন সোসাইটির পুনর্গঠিত কেন্দ্রীয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আপন ইসলাম, ভাইস চেয়ারম্যান মাইশা আফরিন ঈদ, নির্বাহী পরিচালক মাহমুদ হাচান, যুগ্ম নির্বাহী পরিচালক মো. নাভিন চৌধুরী শরন, সাংগঠনিক পরিচালক মো. রিফাত ইসলাম এবং ছাত্রবন্ধন বিতর্ক পরিষদের পরিচালক শ্রেয়া ঘোষসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনটির চেয়ারম্যান মো. আপন ইসলাম বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশুদের কল্যাণে শিক্ষা, সেবা ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চান তাঁরা।
শীতের মৌসুমে খোলা জায়গা কিংবা রেলস্টেশন এলাকায় অবস্থান করা শিশুদের দুর্ভোগ তুলনামূলক বেশি। পর্যাপ্ত গরম পোশাকের অভাবে রাতের ঠান্ডায় তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে ছাত্রবন্ধন সোসাইটির এই উদ্যোগ শিশুদের সাময়িক স্বস্তি দেওয়ার পাশাপাশি সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি করেছে।
তবে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে শুধু শীতবস্ত্র বিতরণই যথেষ্ট নয়। তাদের জন্য নিরাপদ আশ্রয়, মানসম্মত শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। নিয়মিত ও দীর্ঘমেয়াদি সামাজিক উদ্যোগের মাধ্যমে এসব শিশুর ভবিষ্যৎ আরও নিরাপদ করা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিতভাবে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের নানা সংকট মোকাবিলা সহজ হবে। ছাত্রবন্ধন সোসাইটির এ উদ্যোগ সেই মানবিক দায়িত্ববোধেরই একটি ইতিবাচক দৃষ্টান্ত।








