৪৬ কিলোমিটার ভারত সীমান্তের নিরাপত্তা জোরদার করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪৬ কিলোমিটার ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ডিসেম্বর মাস সামনে রেখে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দিন-রাত নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
বিশেষ করে রাতের বেলায় সার্চলাইট ব্যবহার করে সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে সন্দেহজনক চলাচল ও যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করা যায়।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, “সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।”
বিজিবির এ বাড়তি নিরাপত্তা উদ্যোগে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত টহল ও কঠোর নজরদারির ফলে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে।
বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আগামী দিনগুলোতেও বাড়তি সতর্কতা এবং নজরদারি অব্যাহত থাকবে।








