Logo

গোপালগঞ্জে ভাঙচুরের অভিযোগে ভারতে পালানো যুবক সাতক্ষীরায় আটক

ব্যুরো চিপ
ব্যুরো চিপ
২৯ নভেম্বর, ২০২৬, ১২:০৬
গোপালগঞ্জে ভাঙচুরের অভিযোগে ভারতে পালানো যুবক সাতক্ষীরায় আটক
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে দেশে ফেরার পথে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

আটক যুবকের নাম প্রান্ত তালুকদার (২০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৩/৪ এস পিলারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির একটি আভিযানিক দল প্রান্ত তালুকদারকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ এবং বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

সূত্রটি আরও জানায়, গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান তিনি। সেখানে হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করছিলেন। পরে শনিবার অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিজিবির হাতে আটক হন।

আটকের পর তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রান্ত তালুকদারকে কলারোয়া থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD