যুবদল নেতাকে কোপানোর জেরে সাবেক এমপিসহ ১০ নেতার বাড়িতে আগুন

নেত্রকোণার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন সাবেক সংসদ সদস্যের এক ভাতিজা। আহত যুবদল নেতার অবস্থাও গুরুতর।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাঁকুনী ইউনিয়নের বাদে পুটিকা বাজার এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভোররাত পর্যন্ত হামলা ও অগ্নিসংযোগ চলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী পুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের বাধা দিলে একপর্যায়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রথমে বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ভোররাত পর্যন্ত পর্যায়ক্রমে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এবং তার সহোদর ভাতিজা সাহাদাত হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়ি, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি, আওয়ামী লীগ নেতা আবুল বাশার খান, আমানুর রশিদ খান জুয়েল, ডা. ওয়াহিদুর রহমান ছোটন, ফয়জুর রহমান ঝন্টু, মুনতাসির মাসুদ খান ফাহিম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এদিকে সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সহোদর ভাই সাখাওয়াত হোসেন শাকুকে ঘরের ভেতর বাথরুমে আটকে রেখে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
অন্যদিকে, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবদল নেতা আবু বকর রানাকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তী ঘটনাগুলো ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।








