Logo

পঞ্চগড়ে হঠাৎ তাপমাত্রা ১১ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২৯ নভেম্বর, ২০২৬, ১৩:১২
পঞ্চগড়ে হঠাৎ তাপমাত্রা ১১ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। এক দিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রিতে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে মৌসুমের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আকাশ পরিষ্কার থাকায় সকাল থেকেই দেখা মিলেছে ঝলমলে রোদের।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা কমে ১১ ডিগ্রিতে নেমে এসেছে।

স্থানীয় আবহাওয়া পরিস্থিতিতে দেখা গেছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত কুয়াশার উপস্থিতি তুলনামূলক কম ছিল। আকাশ পরিষ্কার থাকায় ভোর থেকেই সূর্যের দেখা মেলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়তে থাকে। তবে হিমালয় থেকে বয়ে আসা উত্তরের হিমেল বাতাসের কারণে রোদের মধ্যেও শীতের অনুভূতি ছিল বেশ তীব্র।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে দাঁড়ায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আবার বেড়ে হয় ১৪ ডিগ্রি।

পরবর্তী সময়ে শুক্রবার (২৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। শনিবার (২৮ নভেম্বর) তা কমে ১৩ ডিগ্রিতে নেমে আসে। সর্বশেষ রোববার আরও ২ ডিগ্রি কমে মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে তাপমাত্রার এমন ওঠানামা অব্যাহত থাকতে পারে। উত্তরের হিমেল বাতাসের প্রভাবে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD