পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, নিহত ১

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত নাওডোবা এলাকায় এ সংঘর্ষ চলে।
নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার বাসিন্দা। তিনি হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হন। সংঘর্ষ চলাকালে ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।








