ভয়াবহ যুদ্ধের পর ২৯ নভেম্বর শত্রুমুক্ত হয় পঞ্চগড়

নানা কর্মসূচি ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর দীর্ঘ লড়াই ও মুক্তিযোদ্ধা-ভারতীয় মিত্রবাহিনীর সম্মিলিত অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল পঞ্চগড়। দিবসটি উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সকালে সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্মৃতিস্তম্ভ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাশে অবস্থিত শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কর্মসূচির শেষ পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্যরা।
১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান শুরু করলেও ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় শত্রুমুক্ত ছিল। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি বাহিনী সড়কপথে এসে পঞ্চগড় দখল করে নেয়।
পরবর্তী সময়ে জেলার চারটি উপজেলা পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে গেলেও অমরখানায় চাওয়াই নদীর ওপর সেতু মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ায় তারা তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময় তেঁতুলিয়া ছিল হানাদারমুক্ত। মুক্তাঞ্চল হিসেবে এলাকাটি মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়। অস্থায়ী সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভাও সেখানে অনুষ্ঠিত হয়েছিল।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ শুরু করে। এতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হতে থাকে।
২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট এবং ২৬ নভেম্বর শিংপাড়া মুক্ত হয়। ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর, ধামোর ও শত্রুমুক্ত হয়। ওই রাতেই মুক্তিযোদ্ধারা পঞ্চগড় সিও অফিস ও ঘাটিয়ারপাড়া এলাকায় সম্মুখযুদ্ধের অবস্থান তৈরি করেন।
২৮ নভেম্বর চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ওপর তীব্র আক্রমণ চালান মুক্তিযোদ্ধারা। এতে পঞ্চগড় শহরের পূর্বদিকে অবস্থান নেওয়া পাকিস্তানি সেনারা প্রতিরোধ ধরে রাখতে না পেরে পিছু হটতে শুরু করে। তারা টুনিরহাট, দেবীগঞ্জ ও ডোমার হয়ে কাঁচা সড়ক ধরে সৈয়দপুরের দিকে চলে যায়।
২৮ নভেম্বর রাতে মুক্তিবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী, ট্যাংক ও পদাতিক সেনাদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। শেষ পর্যন্ত পঞ্চগড়ের মাটি ছেড়ে চলে যায় তারা। এর মধ্য দিয়ে ২৯ নভেম্বর ভোরে সম্পূর্ণ হানাদারমুক্ত হয় পঞ্চগড়।
পঞ্চগড় মুক্ত করার ভয়াবহ যুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ ভারতীয় মিত্রবাহিনীর প্রায় শতাধিক সদস্য শহীদ হন। আহত হন আরও অনেকে।
বীর মুক্তিযোদ্ধাদের সাহস, সাধারণ মানুষের সহযোগিতা এবং মিত্রবাহিনীর সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে অর্জিত পঞ্চগড়ের এই মুক্তির ইতিহাস আজও জেলার মানুষের কাছে গভীর শ্রদ্ধা ও গৌরবের স্মারক।








