Logo

নেত্রকোণায় সাবেক সংসদ সদস্যসহ ৫ বাড়িতে আগুন, আহত যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৯ নভেম্বর, ২০২৬, ১৩:২৯
নেত্রকোণায় সাবেক সংসদ সদস্যসহ ৫ বাড়িতে আগুন, আহত যুবদল নেতা
ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ দলটির একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত থেকে মধ্যরাত পর্যন্ত এসব সহিংসতার ঘটনা ঘটে। এর আগে একই দিন সন্ধ্যায় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানা।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। এতে তাঁকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এর আগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতা-কর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন। তাঁরা বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী, সরিশতলা ও পুটিকা বাজার এলাকায় যান।

পুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে।

যুবদল নেতার ওপর হামলার কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়। এরপর সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। বাদে পুটিকা গ্রামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্বধলা উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খানের বাড়ি এবং বাট্টা গ্রামের আমানুর রশিদ খানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আমানুর রশিদ খান কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

একই গ্রামের উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিমের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আগিয়া গ্রামে ময়মনসিংহ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক চিকিৎসক ওয়াহিদুর রহমান ছোটনের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।

এদিকে স্থানীয় সূত্রে কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি আরও দুটি বাড়িতে ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD