আখেরি মোনাজাতে শেষ হলো লালমনিরহাটের তিন দিনের ইজতেমা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লালমনিরহাট জেলা ইজতেমার তিন দিনের আয়োজন। রবিবার (২৯ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি কালেক্টরেট মাঠে সমবেত হন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
বিজ্ঞাপন
রবিবার সকাল ১১টায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয় ইজতেমার সমাপনী আখেরি মোনাজাত। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অংশ নেন। মোনাজাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে পুরো মাঠে এক আধ্যাত্মিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মোনাজাতে অংশগ্রহণকারীরা মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এর আগে গত শুক্রবার (২৭ নভেম্বর) আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা। আয়োজনের পুরো সময়জুড়ে ধর্মীয় আলোচনা, বয়ান, নসিহত ও ইবাদত-বন্দেগিতে সময় কাটান মুসল্লিরা।
তিন দিনের ধর্মীয় কর্মসূচি শেষে রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্দা নামে লালমনিরহাট জেলা ইজতেমার।








