ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতি, ৬৪ লাঠিসহ চার নেতা আটক

ময়মনসিংহের ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬৪টি বাঁশের লাঠিসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বিজ্ঞাপন
ত্রিশাল থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নির্মাণ ব্রিকসের বিপরীত পাশে রহমতুল্লাহ লিটিলের ফিশারির সামনে মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়েছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বড় ধরনের অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের অংশ হিসেবে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মিছিল করার উদ্দেশ্যে তাঁরা সেখানে সমবেত হয়েছিলেন।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আবুল হোসেন (৫০), ৩ নম্বর কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মো. নজরুল ইসলাম (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
- মো. মাসুম (৪১), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মো. আসাদুল ইসলাম (৩৮), ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে মশাল তৈরির উদ্দেশ্যে ওপরের অংশে কাপড় পেঁচানো ৬৪টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ত্রিশাল থানা পুলিশ।








