Logo

নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৯ নভেম্বর, ২০২৬, ১৩:৫০
নেত্রকোণায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

নেত্রকোণায় কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ নভেম্বর) ভোররাতে শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যক্তিগত চেম্বারের সামনে এসব সামগ্রী রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্রদল নেতা আমিরুল ইসলাম জানান, সকালে নিজের ব্যক্তিগত চেম্বারের সামনে গিয়ে তিনি কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল এবং হুমকিসংবলিত একটি চিরকুট দেখতে পান।

তাঁর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আমিরুল ইসলাম আরও জানান, চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD