Logo

‘কৃষক কার্ড’ বণ্টন নিয়ে দ্রুত কাজ শুরু করা হবে: কৃষি প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৮
‘কৃষক কার্ড’ বণ্টন নিয়ে দ্রুত কাজ শুরু করা হবে: কৃষি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকার গঠনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কৃষক কার্ড বণ্টনের প্রক্রিয়া কীভাবে শুরু করা যায়, সে বিষয়ে দ্রুত কাজ শুরু করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আজ প্রথম অফিস শুরু করছি। যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকারভিত্তিতে কাজ শুরু করবো। কৃষক কার্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। এটি বাস্তবায়নের উপায় নিয়ে কাজ শুরু করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি প্রণোদনা সহজভাবে পৌঁছে দিতে এই কার্ড কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কৃষকদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, কৃষক কার্ড চালু হলে কৃষকেরা এর মাধ্যমে কৃষিবিমার আওতায় আসতে পারবেন এবং সহজ শর্তে কৃষিঋণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি সরকারি প্রণোদনা ও ভর্তুকি বিতরণেও একটি সমন্বিত ডাটাবেইস তৈরি করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

নতুন সরকারের প্রথম কর্মদিবসেই কৃষি খাতে প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নের ইঙ্গিত দেওয়ায় কৃষকদের সহায়তায় শিগগিরই দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD