Logo

রমজানে ফুলবাড়ীতে খিরার বাজার চাঙ্গা, দ্বিগুণ দামে লাভে কৃষক

profile picture
উপজেলা প্রতিনিধি
ফুলবাড়ী, দিনাজপুর
৫ মার্চ, ২০২৬, ১৪:৫৫
রমজানে ফুলবাড়ীতে খিরার বাজার চাঙ্গা, দ্বিগুণ দামে লাভে কৃষক
ছবি: প্রতিনিধি

মাহে রমজানের শুরুতেই বাজারে খিরার দাম দ্বিগুণ হওয়ায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা-এর খিরা চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

বিজ্ঞাপন

রমজানের আগে যে খিরা প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হতো, রমজান শুরু হতেই সেই খিরাই এখন প্রকারভেদে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে ভালো দাম পেয়ে খুশি স্থানীয় কৃষকেরা।

চাষি ও ব্যবসায়ীরা জানান, সারা বছরই খিরার চাহিদা থাকলেও রমজান মাসে ইফতারের জনপ্রিয় উপকরণ হিসেবে এর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। ইফতারে সালাদসহ বিভিন্ন খাদ্যতালিকায় খিরা ব্যবহারের কারণে এই সময় বাজারে এর চাহিদা ও দাম—দুটিই বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

উপজেলার দৌলতপুর ইউনিয়ন-এর গোয়ালপাড়া গ্রামের আদর্শ কৃষক পরীক্ষিত চন্দ্র রায় জানান, তিনি ৫০ শতক জমিতে হাইব্রিড জাতের খিরার চাষ করেছেন। চাষাবাদে তার মোট খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। অনুকূল আবহাওয়া ও রোগবালাই না থাকায় এ বছর খিরার ফলন ও মান দুটিই ভালো হয়েছে। ইতোমধ্যে তিনি প্রায় ৮৫ হাজার টাকার খিরা বিক্রি করেছেন। জমিতে এখনও যে পরিমাণ খিরা রয়েছে, তাতে আরও ৫০ থেকে ৫৫ হাজার টাকার খিরা বিক্রির আশা করছেন তিনি।

একই উপজেলার বুজরুজ সমশেরনগর গ্রামের কৃষক সুফিউদ্দিন মোল্লা বলেন, তিনি ছাড়াও এলাকার অনেক কৃষক বিভিন্ন জাতের খিরা চাষ করেছেন। শুরুতে দাম কিছুটা কম থাকলেও রমজান শুরু হওয়ার পর বাজারে দাম বাড়তে থাকে। এতে করে খিরা চাষ করে এ বছর অনেক কৃষকই লাভের মুখ দেখছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ৭০ হেক্টর জমিতে খিরা ও শসার আবাদ হয়েছে। শুরু থেকেই কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। গত বছর রমজানে ভালো দাম পাওয়ায় এ বছর কৃষকেরা আগের তুলনায় বেশি জমিতে খিরা ও শসার আবাদ করেছেন।

তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর খিরার ফলন ভালো হয়েছে এবং বাজারেও দাম সন্তোষজনক। এতে করে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আগামী বছরগুলোতে এলাকায় খিরা ও শসার আবাদ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD