Logo

ঘোষিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৩ নভেম্বর, ২০২৫, ১৫:০৪
ঘোষিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের ক্লাস ঘোষিত সময়ে শুরু না হওয়ায় রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। আন্দোলনকারীরা নিউমার্কেট এলাকার মিরপুর সড়কের সাইন্সল্যাব মোড় কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাতটি সরকারি কলেজ একত্রিত করে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এখনো চূড়ান্ত না হওয়া এবং ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি ও ভিসি নিয়োগের দাবি করছি। নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর জন্য এই দুটি বিষয় অত্যন্ত জরুরি। আমরা চাই দ্রুত ক্লাস শুরু হোক।

বিজ্ঞাপন

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। শিক্ষকরাও বিষয়টি নিয়ে আন্তরিক নয়। তাই শিক্ষার্থীরা দাবি করছে, অনিশ্চয়তা দূর করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু হোক।

অভ্যন্তরীণ সূত্র জানায়, রাজধানীর সাত কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩০ নভেম্বর। ভর্তি প্রক্রিয়া ২৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল ক্লাস ২৩ নভেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞাপন

অবরোধের কারণে মিরপুর সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক জানান, শিক্ষার্থীরা একটি বিষয় নিয়ে সড়কে অবস্থান নেন, পরে চলে যান, তাই বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD