ইবিতে শিক্ষিকাকে জবাই করে নিজের গলায় ছুরি চালালেন কর্মচারী

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ভয়াবহ এক ঘটনায় সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। ঘটনার পর তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আকস্মিক এই হামলায় ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা সাদিয়া রুনা ও হামলাকারী কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে।








