ডুয়েটে প্রথম গণ ইফতার, রমজানের ঐক্যের বার্তা

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ প্রথমবারের মতো আয়োজিত হলো গণ ইফতার মাহফিল।
বিজ্ঞাপন
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রবিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলসংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল ক্যাম্পাসে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, রমজান শুধু আনুষ্ঠানিকতার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার এক মহিমান্বিত সময়। সম্মিলিত ইফতার আয়োজন পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। রমজানের চেতনা ধারণ করে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, রমজান আত্মসমালোচনা ও পাপমুক্তির মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলেই সত্যিকারের সফলতা অর্জন সম্ভব।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও দপ্তরের পরিচালক, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, দেশের গণতন্ত্রের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করা হয়। পরে ডুয়েট দাওয়াহ সার্কেলের পরিবেশনায় হামদ, নাত, নাশিদ ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রথমবারের মতো আয়োজিত এই গণ ইফতার বিশ্ববিদ্যালয় পরিবারে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।








