Logo

৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৩:৪০
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
ছবি: সংগৃহীত

মাত্র পাঁচ মিনিট বিরতি দিয়ে একই দিনে টানা প্রায় সাত ঘণ্টা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও উদ্বেগ। পরীক্ষার এমন সময়সূচি শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক ও চাপসৃষ্টিকারী বলে মনে করছেন অনেকে।

বিজ্ঞাপন

কলেজ প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা শুরু হবে। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুটিনে দেখা গেছে, প্রতিদিন দুটি করে পত্রের পরীক্ষা একই দিনে নেওয়া হবে।

প্রতিটি পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন ঘণ্টা করে। সে অনুযায়ী প্রথম পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এরপর মাত্র পাঁচ মিনিট বিরতি দিয়ে দ্বিতীয় পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা ৩৫ মিনিটে, যা চলবে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত। ফলে একজন শিক্ষার্থীকে কার্যত প্রায় টানা সাত ঘণ্টা পরীক্ষার হলে থাকতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, এর আগে গত ৭, ৮ ও ৯ এপ্রিল দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার শেষ দিনেই জানানো হয় ১৫ এপ্রিল থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হবে, যদিও পূর্ণাঙ্গ রুটিন পরে প্রকাশ করা হয়। এত অল্প সময়ের মধ্যে ধারাবাহিক পরীক্ষা আয়োজন করায় তারা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন না বলে অভিযোগ করেন।

কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, একই দিনে দুটি দীর্ঘ পরীক্ষা নেওয়া এবং তার মাঝখানে মাত্র পাঁচ মিনিট বিরতি রাখা বাস্তবসম্মত নয়। এই বিরতির আসলে প্রয়োজন কী? একসাথে ৭ ঘণ্টার পরীক্ষা নিলেই ভালো হতো।

শুধু শিক্ষার্থীরাই নয়, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকও এই সময়সূচিকে অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন। তাদের মতে, ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার মধ্যবর্তী সময় এত কম হওয়ায় শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ইতোমধ্যে কলেজ অধ্যক্ষকে অবহিত করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঁঞা বলেন, একই দিনে দীর্ঘ সময়ের পরীক্ষার বিষয়টি তার জানা ছিল না। পরীক্ষার আহ্বায়ক কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন, যাতে তারা মানসিক ও শারীরিক চাপ ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD