Logo

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৮ এপ্রিল, ২০২৬, ১৯:৩৩
গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করেছেন। তার দাবি– জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষা এবং সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন।

বিজ্ঞাপন

অনশনে বসা অবস্থায় মো. সাদিক মুনেম বলেন, আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম। কিন্তু বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ড সেই প্রতিজ্ঞাকে ধূলিস্যাৎ করার পথে রয়েছে।

তিনি আরও বলেন, গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম, খুন, দুর্নীতি এবং অন্যায়ের শৃঙ্খলে আবদ্ধ করার কোনো চেষ্টা আমরা মেনে নিতে পারি না। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট, জনগণের রায় এবং ন্যায়ের জন্য অনশনে বসেছি। ফ্যাসিবাদী কাঠামো ভাঙার লড়াই অব্যাহত থাকবে। দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে নিজ নিজ অবস্থান থেকে এই সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

মো. সাদিকের তিনটি মূল দাবি হলো- গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে ভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন এবং জনমতের প্রতিফলন নিশ্চিত করা। গুম প্রতিরোধ এবং প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উপস্থাপন করা। গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লেখিত অন্যান্য প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা।

সাদিক মুনেমের এই অনশন স্থানীয় ছাত্র-জনতার মধ্যে নজর কাড়ছে। তারা মনে করছেন, গণভোটের রায় এবং জনসাধারণের আশা রক্ষায় এই ধরনের পদক্ষেপ জরুরি। অনশন শুরু হওয়ার পর থেকে রাজু ভাস্কর্যের আশেপাশের পরিবেশে তীব্র সমর্থন ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD