বাউবিতে সেবা-সংস্কার ও প্রশাসনিক গতি বাড়াতে ভার্চুয়াল বৈঠক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রশাসনিক কার্যক্রমে গতি সঞ্চার, শিক্ষার্থীসেবার মানোন্নয়ন এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয় কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর প্রধানদের কাছ থেকে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, শিক্ষার্থীসেবার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর করণীয় বিষয়ে মতামত আহ্বান করা হয়।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন অঞ্চলের পরিচালকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা আঞ্চলিক কেন্দ্রগুলোর বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, জনবল সংকট ও কাঠামোগত প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করেন এবং সমাধানের প্রস্তাব দেন।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বাউবিকে আরও কার্যকর ও কর্মমুখর করতে জনবল কাঠামোর সুষম বণ্টন ও দক্ষ জনবলকে যথাযথ স্থানে পদায়ন অত্যন্ত জরুরি।
শিক্ষার্থীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, সব সেবা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব না হলেও প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাউবির আয়ের প্রধান উৎস শিক্ষার্থীরা—তাই তাদের সন্তুষ্টি অর্জন অপরিহার্য। তথ্যপ্রদান ও সেবায় বিদ্যমান ঘাটতি দূর করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিয়মিত ক্লাস গ্রহণ, পরীক্ষায় স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত, প্রযুক্তিনির্ভর অটোমেশন ও অনলাইন সেবা সম্প্রসারণ, নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং স্টাডি সেন্টারগুলোর সঙ্গে যোগাযোগ জোরদারের নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
উপাচার্য আরও বলেন, বাউবির বহুমাত্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কার্যকর প্রচারণা ও ব্র্যান্ডিং প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় বাউবিকে আধুনিক, মানবিক ও গতিশীল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন, পরিচালক (এসএসএস) অধ্যাপক ড. মো. আবু তালেব, পরিচালক (পিপিডি) মোহাম্মদ আলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়া সকল আঞ্চলিক পরিচালক ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানরা ভার্চুয়ালি সভায় অংশ নেন।
বিজ্ঞাপন








