Logo

পড়তে বসে স্ট্রোক, চবি শিক্ষার্থীর মৃত্যু

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ এপ্রিল, ২০২৬, ১৪:৫৩
পড়তে বসে স্ট্রোক, চবি শিক্ষার্থীর মৃত্যু
চবি শিক্ষার্থী জীবক চাকমা। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী পড়ার টেবিলে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম জীবক চাকমা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, জীবক চাকমার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকায়। তিনি রবিলেন্দু চাকমার সন্তান।

বিজ্ঞাপন

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (জেএসএস–সমর্থিত) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী অন্বেষ চাকমা জানান, সকালে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জীবক চাকমা। পরে দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তাকে মেডিকেল সেন্টারে আনা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় অক্সিজেন দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হোসেন জানান, জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

হঠাৎ এ মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। সহপাঠীরা একজন মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থীকে হারানোর বেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD