বাউবিতে সেবার মান বাড়াতে উপাচার্যের নির্দেশনা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সঙ্গে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ নাসির উদ্দিন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে উপাচার্য বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের সর্বস্তরের মানুষের শিক্ষা নিশ্চিত করতে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
তিনি শিক্ষার্থীদের জন্য শিক্ষা সেবা সহজীকরণ, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
উপাচার্য সময়ানুবর্তিতা, টিমওয়ার্ক এবং একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এছাড়া দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে অফিসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার পরিহার এবং অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে আধুনিক, যুগোপযোগী ও গতিশীল শিক্ষাব্যবস্থায় রূপান্তরে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইনসহ ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।








