পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা: শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিরোধে কর্মসূচি পণ্ড

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী একটি পক্ষের ডাকা আন্দোলনকে কেন্দ্র করে সোমবার (১১ মে) প্রশাসনিক ভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে কর্মসূচি পণ্ড হয়ে যায়।
বিজ্ঞাপন
সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং ক্যাম্পাসে প্রতিবাদ জানায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে আন্দোলনকারীদের কয়েকজন সরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, উপাচার্যবিরোধী একটি পক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলনের চেষ্টা চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, নিয়োগ বাণিজ্য, টেন্ডার, আর্থিক অনিয়মসহ নানা ইস্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
এ বিষয়ে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। যারা অতীতে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারাই এখন আন্দোলনের নামে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাত—কৃষিখামার, উৎপাদন, টেন্ডার ও প্রশাসনিক কার্যক্রম—সংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে আন্দোলনকারীদের পরিচয় ও অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মকর্তার নাম উল্লেখ করা হলেও এসব অভিযোগের বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে বারবার এ ধরনের উত্তেজনা ও কর্মসূচির কারণে একাডেমিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে এনে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন।








