Logo

প্রো-ভিসি নিয়োগ বাতিলের দাবিতে গাকৃবি উত্তাল

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৪ জুন, ২০২৬, ১৭:২৫
প্রো-ভিসি নিয়োগ বাতিলের দাবিতে গাকৃবি উত্তাল
ছবি: প্রতিনিধি

বহিরাগত ব্যক্তিকে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগের সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এ পদে নিয়োগ দেওয়াকে প্রতিষ্ঠানের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী আখ্যা দিয়ে প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

রবিবার (১৪ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন এবং ভবন অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের উপেক্ষা করে অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া শিক্ষকসমাজের প্রতি অবমূল্যায়নের শামিল।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার মতো বহু যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। তাদের পাশ কাটিয়ে বহিরাগত কাউকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এ নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে যোগ্য ব্যক্তিকে প্রো-ভিসি হিসেবে নিয়োগের দাবি জানাই।

সভায় বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে এ নিয়োগ কার্যকর করার যেকোনো উদ্যোগ শান্তিপূর্ণ উপায়ে প্রতিহত করা হবে। একাডেমিক পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা ও শিক্ষকদের আত্মমর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র ও দ্রুত অগ্রসরমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষকরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই বহিরাগত প্রো-ভিসি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

বিজ্ঞাপন

শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, বহিরাগত প্রো-ভিসি নিয়োগের সম্ভাবনা সামনে আসার পর থেকেই তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আপত্তি জানিয়ে আসছিলেন। গত ৭ জুন নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আন্দোলন আরও জোরদার হয়। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD