টানা ভারী বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, ক্লাস বাতিল

টানা ভারী বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও। রোববার (১২ জুলাই) জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়েছে এবং একটি বিভাগের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের পর রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, নীলক্ষেত, পলাশীর মোড়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত-মৈত্রী হল ও শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।
জলাবদ্ধতার কারণে কুয়েত-মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থীরা হল থেকে বের হতে চরম ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কুয়েত-মৈত্রী হলের এক শিক্ষার্থী ফারহানা রহমান বলেন, সকাল থেকে টানা বৃষ্টিতে পুরো এলাকা পানিতে ডুবে গেছে। দুপুর পর্যন্তও হল থেকে বের হওয়া সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে অনেক সময় পরীক্ষা বা জরুরি কাজে যেতে না পেরে শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পানি নিষ্কাশনে কার্যকর উদ্যোগেরও অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
একই হলের পাশের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী ফারজানা রহমান নদী বলেন, বর্ষা এলেই দুই হলের শিক্ষার্থীরা প্রায়ই পানিবন্দি হয়ে পড়েন। এতে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে ওঠে।
পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগসহ কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়েছে। পাশাপাশি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ভারী বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে একটি বড় কৃষ্ণচূড়া গাছ উপড়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আশপাশের কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।








