Logo

গাকৃবিতে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩০ জুলাই, ২০২৬, ১৮:৩২
গাকৃবিতে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং যুক্তরাষ্ট্রের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। ড. আহমেদ মুস্তফার উদ্যোগে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

বৈঠকে গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সাম্প্রতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থার বিভিন্ন র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখার পাশাপাশি বৈশ্বিক পরিসরেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষি ও মৎস্য খাতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

বৈঠকে দুই পক্ষের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা এবং আধুনিক কৃষি ও জলজ সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পারদু ইউনিভার্সিটি এবং অবার্ন ইউনিভার্সিটির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন প্রতিনিধিদলের সদস্যরা। উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বৈঠক শেষে বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে অবার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার এবং ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন। গাকৃবির গবেষণা অবকাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনার প্রশংসা করে তিনি ভবিষ্যতে যৌথ গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD