Logo

বাউবিতে গবেষণায় দুই নতুন অর্জন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৩০ জুলাই, ২০২৬, ১৮:৩৬
বাউবিতে গবেষণায় দুই নতুন অর্জন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) গবেষণায় নতুন সাফল্য যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির দুই গবেষক সম্প্রতি পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন। থিসিস মূল্যায়ন ও মৌখিক পরীক্ষা শেষে বাউবির একাডেমিক কাউন্সিল তাঁদের গবেষণাকর্ম অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন

স্কুল অব এডুকেশনের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের গবেষক রোকসানা গুলশান ‘রবীন্দ্রচিঠিতে প্রকৃতি ও আত্মচেতনা’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম পিএইচডি ডিগ্রিধারী।

মূল্যায়ন বোর্ডের মতে, গবেষণাটি তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী। রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিতে প্রকৃতি, আত্মচেতনা ও জীবনদর্শনের বিভিন্ন দিক এতে নতুনভাবে বিশ্লেষিত হয়েছে, যা বাংলা সাহিত্য ও রবীন্দ্র গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অন্যদিকে, স্কুল অব বিজনেসের গবেষক প্রনব কুমার বৈষ্ণব ‘Factors Influencing the Adoption of Green Management Practices in the Banking Sector of Bangladesh’ শীর্ষক গবেষণার মাধ্যমে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাউবির দ্বিতীয় এমফিল ডিগ্রিধারী।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তাঁর গবেষণায় বাংলাদেশের ব্যাংকিং খাতে গ্রিন ম্যানেজমেন্ট চর্চা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক, আচরণগত ও নীতিগত বিভিন্ন প্রভাবক বিশ্লেষণ করা হয়েছে।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম পিএইচডি ডিগ্রিধারী রোকসানা গুলশান এবং দ্বিতীয় এমফিল ডিগ্রিধারী প্রনব কুমার বৈষ্ণবের গবেষণা উচ্চশিক্ষা, গবেষণা, নীতিনির্ধারণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD