এএইউবির ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, অ্যাভিয়েশন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, মহাকাশ গবেষণা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা প্রযুক্তি শুধু উন্নত দেশগুলোর বিষয় নয়; এগুলো একটি দেশের ভবিষ্যৎ সক্ষমতা ও মর্যাদা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বিদ্যমান অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতাকে বিবেচনায় রেখে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন, দক্ষ জনশক্তি তৈরি এবং বিশ্ববিদ্যালয়কে একটি উৎকৃষ্ট ও অনুকরণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন ভাইস চ্যান্সেলর। তিনি বলেন, কার্যকর অংশীদারত্ব একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভিত্তি।
বিজ্ঞাপন
এ লক্ষ্যে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘Collaborative Research with Universities, Industries and Entities: Prospects, Challenges and Ways Out’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশ নেন। সেখানে গবেষণা খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা উঠে আসে।
সভায় ভাইস চ্যান্সেলর ২০তম সিন্ডিকেট সভার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্তসার সিন্ডিকেট সদস্যদের অবহিত করেন।
২১তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সদস্যদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা ও সম্মানিত সদস্যরা অংশ নেন।








