Logo

অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুবিতে মানববন্ধন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৩ অক্টোবর, ২০২৬, ১৩:৩৮
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার, অভিযুক্তদের সঠিক বয়স নির্ধারণে বায়োলজিক্যাল টেস্ট এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থী নাজমুল হোসেন হৃদয় বলেন, অপ্রতিম হত্যার এক মাস হয়ে গেলেও এখনো বিচার সম্পন্ন হয়নি, যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। অভিযুক্তদের বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে সঠিক বয়স নির্ণয় করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাই।

সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি বলেন, একজন খুনি খুন করার পর বয়সের কারণে শাস্তি পাবে না, তা হতে পারে না। একজন খুন করার পর তার বয়স নিয়ে প্রশ্ন তোলাটাই অবান্তর। একজন খুনিকে শাস্তি না দিয়ে সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করার কিছু থাকে না। আমি আমাদের সন্তান হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।

বিজ্ঞাপন

অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং এবং তাঁর মায়ের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে গুজব ছড়ানোর অভিযোগ তুলে অধ্যাপক ড. কামরুন নাহার শীলা বলেন, অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বুলিং করা হচ্ছে, যা খুনের বৈধতা তৈরি করছে। অপ্রতিমের মায়ের নামেও বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, অপ্রতিমের বাবা সুষ্ঠু বিচারের আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযুক্তদের সঠিক বয়স নির্ধারণে তিনি বায়োলজিক্যাল টেস্টের আবেদন করেছেন। কোনো ধরনের টালবাহানা না করে সঠিক বয়স নির্ধারণের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা আজ নানাভাবে প্রশ্নবিদ্ধ। আমাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে, নৃশংসভাবে খুন হচ্ছে; কিন্তু এর যথাযথ বিচার আমরা দেখতে পাচ্ছি না। এভাবে বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না। বিচারব্যবস্থাকে আমাদের ঠিক করতে হবে। আমরা জননিরাপত্তা চাই। অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দ্রুত বিচার চাই।

উল্লেখ্য, অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হন তিনি। রাতে বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD