Logo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষককে অব্যাহতি, মূল পদ শূন্য ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৬ অক্টোবর, ২০২৬, ১৪:৪৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষককে অব্যাহতি, মূল পদ শূন্য ঘোষণা
ছবি: সংগৃহীত

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়া এবং চাকরি থেকে অব্যাহতির আবেদন করায় ছয় শিক্ষককে অব্যাহতি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। একই সঙ্গে তাঁদের মূল পদ শূন্য ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ আদায়ের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগ না দেওয়া এবং অব্যাহতির আবেদন করা শিক্ষকদের মূল পদ শূন্য ঘোষণার বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ছয় শিক্ষকের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

মূল পদ শূন্য ঘোষণার তালিকায় রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস (প্রভাষক), রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন (প্রভাষক), ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী (প্রভাষক), মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ (সহকারী অধ্যাপক) ও সহযোগী অধ্যাপক মেহেদী হাসান (সহকারী অধ্যাপক) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী (সহকারী অধ্যাপক)।

বিজ্ঞাপন

অফিস আদেশে আরও বলা হয়েছে, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ (প্রযোজ্য ক্ষেত্রে) আদায়ের প্রক্রিয়া চলমান থাকবে।

এরমধ্যে, উচ্চশিক্ষার জন্য শিক্ষাছুটি নিয়ে বিদেশে গিয়ে কর্মস্থলে যোগদান না করা শিক্ষকদের কাছে চলতি বছরের ২৪ আগস্টের হিসাব অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাওনা ছিল ১ কোটি ৪৯ লাখ ৮ হাজার ১৩০ টাকা। এদের মধ্যে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দীপা রানী দাসের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ১৫ লাখ ৪ হাজার ৬০২ টাকা এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেনের কাছে ২৩ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা। বাকি চারজনের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনার হিসাব প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা ফিরে না আসায় আমরা তাদেরকে মূল পদ থেকে অব্যাহতি দিয়েছি। তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা পাওনা রয়েছে, সেই সব অর্থের লেনদেন শেষ করার জন্য তাদেরকে আবারও চিঠি দেওয়া হচ্ছে। এসব সম্পন্ন হওয়ার পরে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD