আ.লীগের অবস্থান দেখলে তথ্য দিতে অনুরোধ ডিএমপির

রাজধানী ঢাকার ফ্ল্যাট, আবাসিক হোটেল ও বিভিন্ন ছাত্রাবাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী অবস্থান করলে বা অপতৎপরতা চালালে তাৎক্ষণিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, আগাম তথ্য পাওয়া গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কার্যকলাপ প্রতিহত করতে এবং তাদের আইনের আওতায় আনতে সুবিধা হবে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
বিজ্ঞাপন
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা ঠেকাতে অভিযান চলমান রয়েছে এবং যারা আইনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এস এন নজরুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও তাদের কার্যক্রম থেমে নেই। দেশ যখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে স্থিতিশীলতার পথে এগোচ্ছে এবং সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখনও নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। আমরা বিষয়টি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করছি।”








