Logo

জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের বাধার মুখে ডা. সাবরিনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২২
জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের বাধার মুখে ডা. সাবরিনা
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ কয়েকজন শ্রদ্ধা জানাতে প্রস্তুত ছিলেন। এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হন।

আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চাইলে তিনি দাবি করেন, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য।

বিজ্ঞাপন

জবাবে ছাত্রদল নেতা জানান, কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সাবরিনার এখানে আসার কথা নয়। তিনি অতীতে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন বলেও অভিযোগ তোলেন।

তবে ডা. সাবরিনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কখনো শেখ হাসিনাকে নিয়ে কোনো স্লোগান দিইনি।”

বিজ্ঞাপন

তিনি প্রমাণ দেখানোর আহ্বান জানান। এরপরও ছাত্রদল নেতারা তার উপস্থিতি মেনে নিতে রাজি হননি। একপর্যায়ে তারা ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাকে চলে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ডা. সাবরিনা অবশেষে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সময় অসংখ্য বিতর্কে জড়ান ডা. সাবরিনা। তিনি স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের মালিকানাধীন জেকেজি হেলথ কেয়ারকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কোভিড-১৯ নমুনা সংগ্রহের অনুমতি পেতে সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

২০২২ সালের জুলাইয়ে জাল করোনা সনদ মামলায় আদালত তাকে ও তার স্বামীসহ ছয়জনকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। বর্তমানে তিনি উচ্চ আদালতের জামিনে মুক্ত আছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD