Logo

লালবাগে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৪
লালবাগে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নিহতের নাম হোসেন (২৪) । ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ২৪ বছর বয়সী হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত হোসেন একটি চুড়ি কারখানায় কাজ করতেন এবং লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসেনের বোন সুরাইয়া জানান, ঘটনাটি শুরু হয়েছিল গতকাল আবির ও নীরবের মধ্যে একটি লাঠি নিয়ে সংঘর্ষের কারণে। হোসেন তাদের ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এতে ক্ষিপ্ত আবিরকে রাতের মধ্যে হোসেন মাফ চেয়েছিল। তবে আজ বিকেল সাড়ে ৩টার দিকে আবির হোসেনকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে।

বিজ্ঞাপন

সুরাইয়া আরও বলেন, আমার ভাই কেবল ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সাধারণ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। আবির ওই এলাকার স্থানীয় বাড়িওয়ালা এবং ছাত্রলীগের সঙ্গে যুক্ত। এক বছর ধরে পলাতক থাকার পর সম্প্রতি এলাকা ফিরে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

নিহতের পরিবার দ্রুত ন্যায়বিচার চাচ্ছে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD