Logo

হাদি হত্যাকাণ্ডে ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি, ২০২৬, ১৭:০৮
হাদি হত্যাকাণ্ডে ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিজের সংশ্লিষ্টতা নিয়ে মামলার মূল আসামি ফয়সালের প্রকাশিত ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে যাচাই শেষে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আরও পুড়ন: ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার।

হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ভিডিওটি আমরা পেয়েছি এবং সেটি পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে। 

তবে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি শেখ মো. সাজ্জাত আলী।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের বর্তমান প্রধান অগ্রাধিকার (টপ প্রায়োরিটি) হিসেবে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচার শুরু হতে পারে। তখনই মূল জটিলতা তৈরির সম্ভাবনা থাকে। আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পারলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, কোনো প্রার্থীর জীবনের ঝুঁকি কতটা, তা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে যাচাই করা হয়। ঝুঁকি নিশ্চিত হলে তবেই গানম্যান দেওয়া হচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ সময় ঢাকার রাজপথে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাজ্জাত আলী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ২০২৫ সালটিও বেশ উত্তাল ছিল। বিভিন্ন গোষ্ঠীর দাবিদাওয়া নিয়ে রাস্তা ব্লক করার ফলে সাধারণ মানুষ ও রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা জরুরি।

আরও পুড়ন: হাদি হত্যার বিচার দাবিতে তৃতীয় দফায় শাহবাগ অবরোধ

এছাড়া, ডিএমপি কমিশনার জানান, স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে ডিএমপির অফিসার ইনচার্জদের (ওসি) রদবদল করা হয়েছে। যদিও এতে কিছু প্রশাসনিক ও কৌশলগত অসুবিধা হচ্ছে, তবুও পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ঢাকা মহানগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সবশেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের কোনো ভুল হলে তা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা উচিত। পুলিশ ও গণমাধ্যমের মধ্যে একটি শক্তিশালী ও ইতিবাচক সম্পর্ক প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD