কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিরোধিতাসহ একাধিক দাবিতে দেশব্যাপী চলমান শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে ওই এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে মোবাইল ফোনের দোকান মালিকরা এ কর্মসূচি শুরু করেন। সারাদেশে ঘোষিত আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকার গুরুত্বপূর্ণ এই দুটি মোড়ে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। ফলে অফিসগামী মানুষ, যাত্রীবাহী বাস ও পণ্য পরিবহনসহ সব ধরনের যানবাহন আটকে পড়ে।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা জানান, অবরোধ কর্মসূচি শুরুর পরপরই পুলিশ ৬ থেকে ৭ জন মোবাইল ব্যবসায়ীকে আটক করেছে। তবে এ ঘটনায় তারা কর্মসূচি থেকে সরে আসবেন না বলে জানান তিনি।
বিজ্ঞাপন
শামীম মোল্লা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছি। কিন্তু শুরুতেই আমাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সড়ক ছাড়ব না।
এর আগে শনিবার রাজধানীতে এক কর্মসূচি থেকে মোবাইল ফোন ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে সাম্প্রতিক হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। সে সময়ই জানানো হয়, আন্দোলনের অংশ হিসেবে দেশের সব মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
ব্যবসায়ীদের দাবি, এনইআইআর চালুর ফলে মোবাইল ফোন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে হাজারো ব্যবসায়ী ও কর্মচারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
তারা মনে করছেন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই এই ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য অযৌক্তিক চাপ সৃষ্টি করছে।
এদিকে অবরোধের কারণে কারওয়ান বাজার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে ব্যবসায়ীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








