Logo

কারওয়ান বাজারে ফের সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি, ২০২৬, ১৩:৫৯
কারওয়ান বাজারে ফের সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা আবারও অবস্থান নেওয়ায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিট থেকে থেমে থেমে সংঘর্ষের ঘটনা শুরু হয়। পুলিশের ৭টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়, ফলে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সেনা ও র‍্যাব সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন: লাঠিপেটার পর মোবাইল ব্যবসায়ীরা সড়ক ছাড়লেন

এর আগে মোবাইল ফোন ব্যবসায়ীরা কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পুলিশ প্রথমে লাঠিপেটা করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রায়টকার এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি এবং কয়েক দফা দাবির বাস্তবায়নের জন্য তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। একইসঙ্গে তারা অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সরাসরি জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান শুরু করেন। তারা বিভিন্ন স্লোগান দেন, ফলে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রথম দফায় পুলিশ লাঠিপেটা করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

এরপর দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ পুনরায় সড়কে বসে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে এবং পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই সময় কয়েকজনকে আটক করা হয় এবং ব্যবসায়ীদের আশপাশের শপিংমলের ভিতরে সরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশের মোবাইল বাজারে অবৈধ হ্যান্ডসেট ব্যবহারের নিয়ন্ত্রণের জন্য ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে সব মোবাইল ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে যুক্ত করা হচ্ছে। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এই নতুন ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়ে আসছেন।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD