রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

রাজধানীর কোতোয়ালি এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে রাসেল (৩১) নামের যুবদলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে নয়াবাজার পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ রাসেল কোতোয়ালি থানা যুবদলের সঙ্গে যুক্ত। তিনি রাজধানীর শ্যামপুরের আরসিং গেট এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।
রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিজ্ঞাপন
পরে রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়াবাজার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে গুলির চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।








