Logo

বকেয়া বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১২:২১
বকেয়া বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাখালী-তেজগাঁওসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) সকালে কয়েক’শ শ্রমিক তেজগাঁও লিংক রোডে অবস্থান নিলে মহাখালী ও তেজগাঁওমুখী সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে অফিসগামী যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কাল পৌনে ১১টার দিকে মহাখালী ও নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিংক রোডে প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও অভিমুখী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকেরা তাদের বেতন-ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় সড়কে ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে তারা সরে যান। বর্তমানে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান করছেন।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD