বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ফুটপাতের হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হকার উচ্ছেদকে ঘিরে আগে থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল, যা সকালে গিয়ে সংঘর্ষে রূপ নেয়।
বিজ্ঞাপন
সূত্র জানায়, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেয়। কিন্তু উচ্ছেদের পরদিনই হকাররা পুনরায় সেখানে বসে পড়লে ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ তীব্র হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়।
বিজ্ঞাপন
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনার পর ওই এলাকায় ব্যবসায়ী ও হকারদের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।








