আবাসিক হোটেলের বাথরুম থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোডের ‘হোটেল রূপসা ইন্টারন্যাশনাল’ থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হোটেলের ৪১৮ নম্বর কক্ষের বাথরুম থেকে তার দেহটি উদ্ধার করা হয়। নিহত তানিয়া নবীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। তার বাবার নাম নুর নবী।
কলাবাগান থানা পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল তানিয়া আইইএলটিএস পরীক্ষা দেওয়ার কথা বলে ওই হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, তানিয়া সচরাচর রুম থেকে বের হতেন না এবং সবসময় দরজা-জানালা বন্ধ রাখতেন। বৃহস্পতিবার দুপুরে দীর্ঘক্ষণ দরজায় নক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে বাথরুমের প্যানের ওপর তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বিজ্ঞাপন
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষটি তল্লাশি করে ঘুমের ওষধসহ ৮-১০ পাতা বিভিন্ন ওষুধের খোসা পাওয়া গেছে। প্রাথমিক আলামত দেখে পুলিশের ধারণা, তিনি শারীরিক অসুস্থতা বা অতিরিক্ত ওষুধের প্রভাবে মারা যেতে পারেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন








