Logo

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণা; নড়াইলে গ্রেপ্তার ৪

profile picture
জেলা প্রতিনিধি
নড়াইল
২৪ এপ্রিল, ২০২৬, ২৪:১৩
চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণা; নড়াইলে গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

ফেসবুকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’সহ বিভিন্ন চটকদার নামে পেজ খুলে সস্তায় ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী এক সক্রিয় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের মো. আকাশ শেখ (২০), মো. ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) এবং মো. লিমন মোল্যা (২২)।

পুলিশ জানায়, এই চক্রটি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’ ও ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ নামক ভুয়া ফেসবুক পেজ ব্যবহার করে আসছিল। তারা চাঁদপুরের আসল ইলিশের ছবি দিয়ে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রির বিজ্ঞাপন দিত। সাধারণ মানুষ বিশ্বাসের ওপর ভিত্তি করে বিকাশ বা নগদে অগ্রিম টাকা দিলে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

বিজ্ঞাপন

সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নির্দেশে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি ভুয়া সিম কার্ড এবং ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন জানান, আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তিনি অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD