Logo

নারী এসআইকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করায় যুবক আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
২৩ এপ্রিল, ২০২৬, ২০:৪২
নারী এসআইকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করায় যুবক আটক
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর থানায় দায়িত্বরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ‘ম্যাডাম’ বলে সম্বোধন করাকে কেন্দ্র করে এক যুবককে আটক করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, কোনো লিখিত অভিযোগ বা নির্দিষ্ট কারণ ছাড়াই তাকে প্রায় দেড় ঘণ্টা থানায় আটকে রাখা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা থানায় গেলে মুচলেকা নিয়ে নূর মোহাম্মদ মামুন নামের ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই রোখসানা খাতুন। তিনি সম্প্রতি, গত ১৯ এপ্রিল থানায় যোগদান করেছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী নূর মোহাম্মদ মামুন জানান, ব্যক্তিগত একটি কাজে তিনি সকালে থানায় যান। সেখানে ডিউটিতে থাকা এসআই রোখসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে গেলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে তাকে গালাগালি করা হয় এবং কোনো ধরনের অভিযোগ ছাড়াই আটকে রাখা হয় বলে দাবি করেন তিনি। প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যরা উপস্থিত হলে একটি মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

ঘটনার পর অনুসন্ধানে আরও জানা যায়, ওই পুলিশ কর্মকর্তার আচরণ নিয়ে এর আগেও বিভিন্ন মহলে অসন্তোষ ছিল। কয়েকজন ভুক্তভোগী দাবি করেছেন, থানায় সেবা নিতে গিয়ে তারা অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন এবং কখনো কখনো ধমক ও অপমানের মুখে পড়েছেন।

এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক থানার একাধিক সদস্যও জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তার আচরণ ও মেজাজ নিয়ে সহকর্মীদের মধ্যেও অস্বস্তি রয়েছে। তার দায়িত্বকালীন সময়ে কর্মপরিবেশ কিছুটা চাপপূর্ণ হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে পূর্বেও কিছু মৌখিক অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তবে এ বিষয়ে এসআই রোখসানা খাতুনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হলে এ ধরনের আচরণ নিরুৎসাহিত করা জরুরি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD