ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় পুষ্টি সপ্তাহের বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-এর আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়-এর বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।
দিনের শুরুতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি খাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। সুষম খাদ্য গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসেবা সহজলভ্য করার মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, শিশু, কিশোর-কিশোরী এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টি কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। একটি স্বাস্থ্যবান জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) মো. মতিউর রহমান এবং বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








