বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি নগরবাসীর

ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকা-র বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৫টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের বহু এলাকায় কয়েক ফুট পানি জমে যায়।
বিজ্ঞাপন
সকালে সরেজমিনে দেখা যায়, মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও-জাহাঙ্গীর গেট সড়ক, খামারবাড়ি-ফার্মগেট এলাকা, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সড়ক, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর ও কালশি এলাকায় বেশি পানি জমে।
আরও পড়ুন: মতিঝিলে জীবন বীমা টাওয়ারে অগ্নিকাণ্ড
যদিও সময়ের সঙ্গে সঙ্গে কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে, তবুও সকাল পর্যন্ত বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতা ছিল। এতে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে এবং পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটে।
বিজ্ঞাপন
ছুটির দিন হওয়ায় সকালে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল, ফলে দুর্ভোগ কিছুটা সীমিত ছিল। তবে সকাল ৮টার পরও অনেক এলাকায় পানি জমে থাকতে দেখা যায়।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর মুখপাত্র রাসেল রহমান জানান, বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে ভোর থেকেই কাজ করছে সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। দ্রুত পানি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন: রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের ফলে দীর্ঘদিনের তাপপ্রবাহ কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬০ মিলিমিটার এবং এর আগের দিন পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।








