Logo

গাবতলীর পশুর হাটে বিরল দুম্বা, দাম হাঁকা হচ্ছে সাড়ে ৪-৫ লাখ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৭:৪৮
গাবতলীর পশুর হাটে বিরল দুম্বা, দাম হাঁকা হচ্ছে সাড়ে ৪-৫ লাখ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাট জমে উঠতে শুরু করেছে। গরু-মহিষের পাশাপাশি এবার ক্রেতাদের দৃষ্টি কাড়ছে বড় আকৃতির দুম্বা। হাটে আনা পাঁচটি দুম্বার প্রতিটির দাম চাওয়া হচ্ছে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত।

বিজ্ঞাপন

রংপুরের বিসমিল্লাহ এগ্রোর মালিক মো. নাসিম আলী এসব দুম্বা রাজধানীর হাটে নিয়ে এসেছেন। তিনি জানান, পাঁচটির মধ্যে দুটি দুম্বার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা করে। বাকি তিনটির দাম চাওয়া হচ্ছে সাড়ে চার লাখ টাকা।

বিক্রেতার ভাষ্য, অনেক ক্রেতাই তিন লাখ টাকার নিচে দাম প্রস্তাব করছেন। তবে তিনি আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই চাহিদা ও দাম বাড়বে।

বিজ্ঞাপন

নাসিম আলী বলেন, হাটে এসেছেন মাত্র একদিন হলো। ইতোমধ্যে অনেকেই দরদাম করছেন। সময় বাড়লে ভালো দামে বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী।

শনিবার হাটে আসা আনোয়ার হোসেন নামে এক ক্রেতা একটি দুম্বা কেনার জন্য দরদাম করেন। তিনি সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত দাম দিতে রাজি হন। তবে বিক্রেতা আরও বেশি মূল্য আশা করায় চূড়ান্তভাবে কেনাবেচা হয়নি।

ক্রেতা আনোয়ার হোসেন বলেন, হাটে এখনও খুব বেশি দুম্বা ওঠেনি। বর্তমানে মাত্র কয়েকটি দুম্বা থাকায় বিক্রেতারা উচ্চ দাম চাইছেন। ঈদের আগে আরও দুম্বা বাজারে এলে দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে গাবতলীর হাটে গরু, মহিষ, ছাগল ও খাসির কেনাবেচাও ধীরে ধীরে বাড়ছে। দেশের বিভিন্ন জেলা থেকে খামারিরা পশু নিয়ে আসছেন রাজধানীর অন্যতম বড় এই পশুর বাজারে। ক্রেতারাও পরিবার নিয়ে ঘুরে ঘুরে পশু দেখছেন ও দরদাম করছেন।

সরেজমিনে দেখা গেছে, হাটে ১৫ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা মূল্যের খাসিও বিক্রি হচ্ছে। তবে এখনও ঈদের কয়েকদিন বাকি থাকায় খামারিরা বড় ধরনের বিক্রির আশায় অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন

খামারিদের অনেকেই জানিয়েছেন, বাজারে লোকসমাগম বাড়লেও প্রত্যাশা অনুযায়ী বিক্রি এখনও জমে ওঠেনি। তাদের আশা, শেষ মুহূর্তে ক্রেতার চাপ বাড়লে বিক্রিও বাড়বে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD