Logo

চিড়িয়াখানায় দেয়ালবন্দি ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মে, ২০২৬, ১৬:১১
চিড়িয়াখানায় দেয়ালবন্দি ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় তৈরি হয়েছে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ। কুরবানির জন্য আনা হলেও শেষ পর্যন্ত সংরক্ষণ ও গবেষণার অংশ হিসেবে চিড়িয়াখানায় রাখা এই মহিষটি এখন প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শনার্থীদের ভিড় দেখা যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করেই অনেকে ছুটে আসেন ‘ডোনাল্ড ট্রাম্প’কে এক নজর দেখার জন্য। চিড়িয়াখানার নির্দিষ্ট অংশে রাখা এই মহিষটি ঘিরে ছিল আলাদা কৌতূহল।

চিড়িয়াখানার মূল ফটক থেকে কিছুটা দূরের একটি ঘেরা স্থানে ইটের দেয়াল ও লোহার বেষ্টনীর ভেতরে রাখা হয়েছে মহিষটি। সেখানে গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা ভিড় করে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং কেউ কেউ মজা করে মন্তব্যও করছেন।

বিজ্ঞাপন

অনেকে বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ায় মহিষটি দেখার আগ্রহ তৈরি হয়েছে। কেউ কেউ আবার প্রথমবার দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন।

দর্শনার্থী মাছুম বলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি। তাই চিড়িয়াখানায় এসে এটা না দেখে যাওয়ার প্রশ্নই ছিল না।”

আরেক দর্শনার্থী ইকবাল বলেন, তিনি প্রথমে অন্য প্রাণী ভেবেছিলেন, পরে দেখেন এটি একটি মহিষ।

বিজ্ঞাপন

স্থানীয় অভিভাবক মেহেরুন আফরোজ বলেন, অ্যালবিনো বৈশিষ্ট্য এবং আলোচনার কারণে মহিষটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

চিড়িয়াখানার ভেতরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানান, মহিষটি মূলত প্রদর্শনের জন্য আনা না হলেও দর্শনার্থীরা নির্দিষ্ট দূরত্ব থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, এটি মূলত গবেষণা ও সংরক্ষণের জন্য আনা হয়েছে। অ্যালবিনো বৈশিষ্ট্যসম্পন্ন এই মহিষকে ভবিষ্যৎ গবেষণার অংশ হিসেবে রাখা হয়েছে। দর্শনার্থীরা নির্ধারিত দূরত্ব থেকে এটি দেখতে পারছেন।

তিনি আরও জানান, ঈদের ছুটিতে সাধারণত চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বেড়ে যায়। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে বাড়তি আগ্রহ থাকলেও এটি মূল ভিড়ের একমাত্র কারণ নয় বলে তিনি মন্তব্য করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD